আটক থেকে মুক্তি পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’
দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়ে এ মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এর প্রতিবাদে রবিবারও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের হাতে আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পান তারা।
তবে মুক্তির ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান। তার ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









