আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা ও র্যালি করেছে নারী উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষা।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের মোতলেব হোসেন হাই স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় নন্দিতা সুরক্ষার আরডাব্লিউভিএল-বি প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে র্যালি বের করে। ‘বাল্যবিবাহ বন্ধ করো, শিশুর অধিকার রক্ষা করো’ স্লোগানে র্যালিটি ডিক্রিচর ইউনিয়নের ভাঙ্গী ডাঙ্গী ও কাজেম মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বিভিন্ন বাড়িতে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় এবং প্রতিরোধে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বাল্যবিবাহের কারণে কন্যাশিশুর শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করা, নিরাপদ চলাচল, সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌসী জানান, বাল্যবিবাহ ও সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নন্দিতা সুরক্ষার সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা গ্রহণ ও মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা জরুরি। সম্প্রতি ১৩ বছর বয়সী শিশু তাজনিমের ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী শিশুর প্রতি সহিংসতাকে স্বাভাবিক করা এবং অপরাধের পক্ষে যুক্তি দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে। শিশুর পোশাক, চলাফেরা, আচরণ কিংবা বয়স কোনো কিছুই যৌন সহিংসতা বা হত্যাকে ন্যায্যতা দিতে পারে না। এ মানসিকতার পরিবর্তন এবং কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নন্দিতা সুরক্ষা কাজ করে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









