দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ দেখতে চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় ৩৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ দেশে আসতে শুরু করবে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়ায় একটি রিসোর্টে সিটি কর্পোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘আমরা যে, ৩৫টি বিমান কিনলাম এজন্য অনেকেই বলছে বিলিয়ন ডলার খরচ করে বিমান কেনার দরকার কি ? কিন্তু তারা জানে না এই বিমানগুলো আসতে অন্তত দশ বছর সময় লাগবে। আগামী ৩১ সালে এই বিমানগুলি আসা শুরু করবে, চলবে ৩৬ সাল পর্যন্ত। এই চিন্তাটা কেউ করেন না। আমাদের এখন যে বিমানগুলো আছে সেগুলো তখন অচল হয়ে যাবে, তখন কীভাবে চলবে বাংলাদেশ। এই চিন্তা ফ্যাসিস্ট সরকারেরও ছিল না, এখনও যারা বিরোধিতা করছে তারাও করে না।’’
তিনি বলেন, ‘‘বিমান শুধু ৩৫টা না, আমাদের ছেলে মেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, যেভাবে বিকশিত হচ্ছে, আমি চাই আমাদের দেশে বিমান থাকবে ২০০টির বেশি। একটা সময় আমরা থাকবো না, আমাদের এই শিক্ষার্থীরা যারা বিদেশে গিয়ে নিজেদের বুক ফুলিয়ে বলতে পারবে, আমাদেরও বিমানবন্দর রয়েছে। আমাদের সেই বিমানের সংখ্যা হলো ২০০’র বেশি।’’
এ সময় ময়মনসিংহে বিমানবন্দর স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আজকের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এবং এমপিদের কাছ থেকে দাবি উঠেছে ময়মনসিংহে বিমানবন্দর করার জন্য। আমিও মনে করি, ময়মনসিংহে বিমানবন্দর হওয়া দরকার। একটি আর্ন্তজাতিক মানের বিমানবন্দর ত্রিশালের মতো জায়গায় যেন হয় সেই চেষ্টা করবো। সে লক্ষ্যে সমীক্ষা চালানো হচ্ছে। বড় বিমানবন্দর করতে হলে একটু সময় দরকার।’’
এ সময় ময়মনসিংহ অঞ্চলে পর্যটন সম্পর্কে তিনি জানান, পর্যটন অনেক বড় ব্যাপার। ময়মনসিংহের নেত্রকোনায় বিরিশিরি নামে একটি জায়গা রয়েছে। সেই জায়গা জাতীয় পর্যায়ে একটা ভালো পর্যটন শিল্প গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ। যাতে করে সমস্ত ময়মনসিংহের লোক বলতে পারবে, যে আমাদের পর্যটনের একটা ভালো জায়গা আছে। যেটা বিদেশ থেকে লোক এসে পর্যবেক্ষণ করবে।’’
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘বর্তমান ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। এজন্য প্রয়োজন হলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলবো।’’
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।’’ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ অন্যরা। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা আয়মান সাদিক উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









