রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রবিবার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির সমর্থকেরা। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং পর্যটকেরা আটকে পড়েন।
পরে রোববার সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে এর আগেই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেক ভ্যালি বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









