কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে কটিয়াদী সরকারি কলেজের লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার পুলেরঘাট ষাটকাহন এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছুটির পর লেকপাড় এলাকায় পৌঁছালে কয়েকজন মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্য ফয়সালের পথরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ফয়সালের বড় ভাই ও চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তিনি এখনো এ বিষয়ে অবগত নন। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









