ময়মনসিংহের ভালুকায় মাছের ফিসারিতে সাঁতার কাটতে নেমে উদয় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের সাদেকের মাছের ফিসারিতে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায় উদয়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিরবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের পানিতে নামার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।
নিহত উদয় স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









