সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে চট্টগ্রামের রাউজানে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহত আবু জাহেদ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। তিনি তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। তাঁর দুই মেয়ে জেরিন আক্তার (১০) ও আফরিন আক্তার (৩)।
স্বজনেরা জানান, রাউজান কলেজে পড়াশোনা শেষে ফকিরহাট বাজারে টেলিকম ব্যবসা শুরু করেন জাহেদ। পরে ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৩ সালে দুবাই যান। সর্বশেষ ২০২৫ সালে দেশে ছুটিতে এসে কয়েক মাস অবস্থানের পর গত সেপ্টেম্বরে আবার প্রবাসে ফেরেন। তিনি শারজাহের একটি গ্রোসারিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
পরিবারের সূত্রে জানা যায়, শনিবার রাতে বাসায় ঘুমন্ত অবস্থায় পাশের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। রোববার সকালে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুসংবাদ পান।
জাহেদের বন্ধু মো. আবছার, আলমগীর হোসেন ও আবু হানিফ জানান, স্কুল-কলেজজীবন থেকেই বন্ধুদের কাছে পরিচিত মুখ ছিলেন জাহেদ। দেশে ছুটিতে এলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবু জাহেদ রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার ছোট বোনের স্বামী। পরিবার সূত্রে জানা গেছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









