আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বেছে নেওয়া বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকার তালিকায় জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দা। মেসির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন তরুণ।
২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পর্বে কয়েক সপ্তাহ মেসির সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আরান্দা। তখনই তার খেলা কাছ থেকে দেখেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন বোকা জুনিয়র্সের এই প্রতিভাবান ফুটবলার।
তিনটি দাগের জন্য পরিচিত একটি বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মেসি ভবিষ্যতের ১০ ফুটবলারের নাম তুলে ধরেন। সেখানে বলা হয়, ‘খেলার ভবিষ্যৎ নতুন করে লিখবে এমন ১০টি অধ্যায়। এই গল্পের কেবল শুরু।’
তালিকায় আরান্দার পাশাপাশি রয়েছেন তুরস্কের আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জান উজুন, মেক্সিকোর তিজুয়ানার গিলবার্তো মোরা, ইংল্যান্ডের আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল প্যালেসের জাভিয়ের গোজো, স্পেনের কোমো ১৯০৭-এর হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের এজেড আলকমারের কিস স্মিট।
নারী ফুটবলের তিন প্রতিভাকেও তালিকায় রেখেছেন মেসি। তারা হলেন ইংল্যান্ডের চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের ওএল লিওনের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।
এদিকে সম্প্রতি বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। এরপর থেকে ইন্টার মায়ামির হয়ে খেলায় মনোযোগ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে ক্লাবের হয়ে সাম্প্রতিক ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই মহাতারকা।
মেসির বেছে নেওয়া ১০ তরুণ তারকা
তোমাস আরান্দা — আর্জেন্টিনা
জান উজুন — তুরস্ক
গিলবার্তো মোরা — মেক্সিকো
ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড
জাভিয়ের গোজো — যুক্তরাষ্ট্র
হেসুস রদ্রিগেস — স্পেন
কিস স্মিট — নেদারল্যান্ডস
ক্লোয়ি সারউই — ইংল্যান্ড
জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল
লোটা ভ্রেডে — জার্মানি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









