জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহাসড়কের পাশের ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাট্টাজোর এলাকায় বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন।
নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পাশে ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









