২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির মতো তারকাদের পেছনে ফেলে পিএসজির উইঙ্গার খভিচা কাভারাতস্খেলিয়াকে এগিয়ে রাখছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্যাবিও কানাভারো। তার মতে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জর্জিয়ান এই ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বের সেরা ব্যক্তিগত পুরস্কারের যোগ্য দাবিদার করে তুলেছে।
ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তকে কানাভারো বলেন, গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে কাভারাতস্খেলিয়াই ছিলেন সবচেয়ে দাপুটে খেলোয়াড়। একজনকে বেছে নিতে হলে তার সিদ্ধান্তে কোনো সংশয় থাকবে না।
কানাভারোর মতে, শুধু সাম্প্রতিক আলোচিত ঘটনা কিংবা বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে ব্যালন ডি’অরের মূল্যায়ন করা উচিত নয়। পুরো মৌসুমে একজন খেলোয়াড়ের অবদান বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, অনেকে বিশ্বকাপকে মানদণ্ড হিসেবে বিবেচনা করতে পারেন, এমবাপ্পের কথা ভাবতে পারেন কিংবা মেসির দীর্ঘ ক্যারিয়ারকে গুরুত্ব দিতে পারেন। তবে কাভারাতস্খেলিয়া অসাধারণ কিছু করেছেন।
২০২৫-২৬ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৯ গোল করেছেন কাভারাতস্খেলিয়া। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১১টি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তার নৈপুণ্য ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
এর আগে ইতালির ক্লাব নাপোলির হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে তার গোল ৩০টি, সঙ্গে রয়েছে ২০টি অ্যাসিস্ট। নাপোলির সিরি ‘আ’ শিরোপা জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৬ অক্টোবর। পুরস্কারটি ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখন নিজের পছন্দের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ২০০৬ সালের ব্যালন ডি’অরজয়ী কানাভারো। ওই বছর ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসেবে এই সম্মাননা জিতেছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









