আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পুনর্নির্ধারণ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে সরবরাহের দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, দুই দিনের কর্মসূচির পরও দাবি পূরণ না হলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, বর্তমানে দেশে মাত্র ছয় থেকে সাতটি এলপিজি কোম্পানি সক্রিয় রয়েছে। এর ফলে সারাদেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব সিলিন্ডারে গ্যাস ভরে ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের জন্য সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস কিনতে পারবেন বলে মনে করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের আরেকটি দাবি হলো, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির যে দাম নির্ধারণ করে দেয়, কোম্পানিগুলোকে সেই দাম অনুসরণ করতে হবে। কমিশনের ঘোষিত দামের বাইরে কোম্পানিগুলো যেন নিজেদের মতো করে দাম পরিবর্তন করতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে দাম সমন্বয়ের প্রয়োজন হলে তা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই করার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
এ ছাড়া বাজারে পড়ে থাকা হাজার হাজার অব্যবহৃত এলপিজি সিলিন্ডার পুনরায় ব্যবহারের উপযোগী করে বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সমিতি। ব্যবসায়ীদের অভিযোগ, অনেক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, কিছু কোম্পানি এলপিজি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারছে না। এসব কারণে বাজারে সিলিন্ডার অব্যবহৃত পড়ে থাকছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অযৌক্তিক জরিমানা এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও তোলেন পরিবেশকেরা। তাদের দাবি, এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
এদিকে, সংবাদ সম্মেলন চলাকালে বিইআরসির চেয়ারম্যান সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন বলে জানান তিনি। এ সময় চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বলে জানান সেলিম খান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









