নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনে একজন, মাদকসেবী ২২ জন, ওয়ারেন্টভুক্ত ছয়জন, ডাকাতির মামলায় দুইজন, দস্যুতার মামলায় দুইজন এবং শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় একজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলী হোসেন (৪৫)। তিনি সোনারগাঁ উপজেলার পূর্ব সনমান্দি এলাকার বাসিন্দা। ডাকাতির মামলায় গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) এবং ছোট নোয়াগাঁও চান্দেরচক এলাকার জিয়াম (২৪)।
দস্যুতার মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া এলাকার মো. রমজান এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গদারভাজন্দী এলাকার শামীম শেখ (৩৯)। বৈষম্যবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯)।
এ ছাড়া শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল এলাকার মো. মোশাহিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী এলাকার মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় কর্মরত ছিলেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
আদালতের পরোয়ানাভুক্ত ছয়জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭), মো. লিটন (৪৩), নাজিরপুর এলাকার জাকির (৫৫), আমিনপুর এলাকার মো. ইমরান হোসেন এবং কাঁচপুর এলাকার মো. বাবু। বাকিদের মাদকসেবী হিসেবে আটক হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আঃ বারিক হানাস, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









