স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল সংযোগ দেওয়ার প্রযুক্তি স্টারলিংক মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের আগ্রহ বাড়ছে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ থাকায় সেবাটির খরচ ও সুবিধা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
প্রাথমিক অফার অনুযায়ী, বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে। ঘোষিত অফার অনুযায়ী, প্রথম মাসে বাংলালিংকের যেকোনো ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে স্টারলিংক মোবাইল সুবিধা বিনা অতিরিক্ত খরচে ব্যবহার করা যাবে।
দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে এ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের খুদে বার্তা দেওয়ার কথা বলা হয়েছে।
সেবাটি ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ডিশ বা সংযোগযন্ত্র কেনার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তবে স্টারলিংক মোবাইল সেবার জন্য আলাদা মাসিক মূল্য কিংবা সব প্যাকের বিস্তারিত দাম ঘোষণায় উল্লেখ করা হয়নি। ফলে নির্দিষ্ট খরচ জানতে বাংলালিংকের হালনাগাদ প্যাক ও অফার যাচাই করতে হবে।এ ক্ষেত্রে গ্রাহকদের মনে রাখতে হবে, স্টারলিংক মোবাইল সুবিধা অতিরিক্ত খরচ ছাড়া পাওয়া গেলেও সংশ্লিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের মূল্য পরিশোধ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









