বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও অপরাধে ব্যবহৃত একটি ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ‘জানক স্ট্রিট’ নামে পরিচিত এক কিশোরের হাতে আধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের একটি ভিডিও তার সহযোগীরা ধারণ করে ফেসবুকে আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।
এরপর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। গত ১১ অক্টোবর বিকেল ৫টা ৩৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফুলকোর্ট মধ্যপাড়ার মো. এরিন আহমেদ সুইট (১৯), পিতা মো. এরশাদুল রহমান এবং বিলকেশপাথার এলাকার মো. নিয়ামতুল ইসলাম (১৯), পিতা মো. সাইফুল ইসলাম। তাঁদের কাছ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধে ব্যবহৃত একটি ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের সহযোগী অন্য কিশোরদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









