সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকা শামীমা নাসরিন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল মজিদ।
সোমবার (১২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে মোল্যা বাড়ির মোড়ে বাম দিকে ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা।
দুর্ঘটনায় আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন। ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপরিদর্শক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









