নাটোরে নলডাঙ্গা উপজেলায় বারুইন নদীতে পড়ে কাবিল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের বারুইন নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিল নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মধ্য পাড়া গ্রামের মো. আদম ও মোছা. হাওয়া দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা সত্যতা নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মুজিবুর রহমান মধু বলেন, সোমবার দুপুরে বারুইন নদীর দক্ষিণ পাড়ে তীরের কাঁদামাটিতে মাথা ও মুখমণ্ডল গোঁজা অবস্থায় এবং বুক থেকে পা পর্যন্ত পানিতে নিমজ্জিত দেখে নদীর উত্তর পাড়ের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে কাবিলের মৃত্যু হয়। নিহত কাবিল দীর্ঘদিন থেকে মিরগীরোগে ভুগছিলেন।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, নদী পার বা পার ঘেঁষে চলাচলের সময় মৃগী রোগের খিঁচুনি উঠে তিনি পানিতে পড়ে যান।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি কাপন-দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









