নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ প্রতিপাদ্য নিয়ে লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, একাডেমিক সুপারভাইজার সাদ শিবলী, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









