ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ফারদিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মিঠু (২২)।
সোমবার (১২ অক্টোবর) সকালে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকামুখী লেনে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন (১৭) শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার মো. মিলনের পুত্র। আহত মোটরসাইকেল চালক মিঠু (২২) শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









