সিলেটের কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু খোকন রঞ্জন দেসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, জনসমাগম নিয়ন্ত্রণ, যাতায়াতে শৃঙ্খলা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর করে তুলতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









