নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের কাজ করার সময় মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর নিহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের ঠিকাদার নিয়োজিত লাইন হেলপার ছিলেন। তিনি সৈয়দপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান ফটকের বিপরীতে সৈয়দপুর-নীলফামারী সড়কসংলগ্ন ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিক অটো রাইস মিলের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগে সমস্যা দেখা দিলে এলটি লাগানোর কাজে যান হায়দার ও মিস্ত্রি রাশেদ। রাশেদ মইয়ে উঠে কাজ করার সময় তাকে যন্ত্রপাতি দিতে মই বেয়ে ওপরে ওঠেন হায়দার। মইয়ের মাঝামাঝি পৌঁছালে তিনি নিচে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে রাশেদ ও স্থানীয় লোকজন তাকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
নেসকোর সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট বিদ্যুৎলাইন বন্ধ ছিল। মিস্ত্রি রাশেদকে যন্ত্রপাতি দিতে মইয়ে ওঠার সময় হায়দার পড়ে যান। পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি পড়ে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
হায়দার আলী স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









