সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা তার মৃত্যুর খবরটি সমকালকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, এক দশকের বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন রুশনাফ। তার শ্বাসকষ্টও ছিল। অসুস্থতার কারণে শারীরিক কষ্টে থাকলেও মাঝেমধ্যে গান করতেন তিনি।
রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছে।
এ ছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন রুশনাফ ওয়াদুদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









