লালমনিরহাটের পাটগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা আখতার।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পাটগ্রাম প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, পাটগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোতাহারুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলার সভাপতি শ্রী রনজিত কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক শ্রী অজিত রঞ্জয় রায়, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।
সভায় পাটগ্রাম উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সার্বক্ষণিক পূজা উদযাপন কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমানে এআই যুগ। পূজা উদযাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ধরনের গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানিমূলক কর্মকাণ্ডে পরিস্থিতি যেন উত্তপ্ত হতে না পারে সে বিষয়ও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাটগ্রামে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই আসন্ন দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









