সাধারণত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা থাকে স্থির। তবে এবার প্রযুক্তির সাহায্যে প্রতিমার নড়াচড়া ও মুখমণ্ডলের অভিব্যক্তির পাশাপাশি দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধের দৃশ্য দেখানো হবে জয়পুরহাটে। জেলায় প্রথমবারের মতো ৩৩টি প্রতিমা নিয়ে এমন ডিজিটাল দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার ৪ নম্বর মোহাম্মদাবাদ ইউনিয়নের চকমোহন রায়পাড়া সার্বজনীন দুর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারতলাবিশিষ্ট মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ করছেন কারিগরেরা। সাধারণত মন্দিরটিতে পাঁচ থেকে ছয়টি প্রতিমা দিয়ে পূজা হলেও এবার তৈরি করা হচ্ছে ৩৩টি। আয়োজকদের হিসাবে, এ আয়োজনের ব্যয় হবে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা।
প্রতিমা ডিজাইনার সজিব রায়ের তত্ত্বাবধানে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের সহযোগিতায় প্রতিমাগুলো তৈরি হচ্ছে। মোটর ও ডিজিটাল ব্যবস্থার সাহায্যে প্রতিমার নড়াচড়া এবং পৌরাণিক কাহিনির বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে।
মন্দির কমিটির সভাপতি পরিমল চন্দ্র রায় বলেন, জয়পুরহাটে এবারই প্রথম এ ধরনের ডিজিটাল দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমাগুলো ভিন্নভাবে উপস্থাপনের জন্য ঢাকার প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের সহযোগিতা নেওয়া হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায় বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেবী দুর্গার মহিষাসুর বধসহ বিভিন্ন পৌরাণিক কাহিনি তুলে ধরা হবে। এতে দর্শনার্থীরা প্রতিমা দেখার পাশাপাশি দৃশ্যের মাধ্যমে কাহিনিগুলো উপলব্ধি করতে পারবেন।
আয়োজক মিনতি রানী সরকার বলেন, প্রতি বছরই তারা পূজার আয়োজন করেন। তবে এবার নতুনত্ব আনতে ডিজিটাল পদ্ধতিতে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করে দর্শনার্থীদের সামনে ব্যতিক্রমী কিছু তুলে ধরতে চান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









