রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরের বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী বই, কবিতা পাঠ, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে বইমেলাকে প্রাণবন্ত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি সারা দেশের বিভিন্ন লেখক ও প্রকাশকদের প্রকাশনা স্থান পেয়েছে। দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বইও প্রদর্শন করা হয়েছে।
দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









