ভবন নির্মাণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘‘সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকেই বাধা সৃষ্টি করছেন। সরকারের এ ধরনের কার্যক্রমে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
এর আগে সকালে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।
দুপুরে সড়কের নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। পরে আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘‘উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বর সংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









