রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলার সীমান্তবর্তী বারনই নদীতে অভিযান চালিয়েছে মোহনপুর উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বারনই নদীতে দুই উপজেলার কিছু ব্যক্তি অবৈধভাবে বাশের বেড়া দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে সুতি জালের মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা শিকার করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আকতার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবৈধ বাঁশের বেড়া কেটে ও উপড়ে ফেলেন। এ সময় মোহনপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে সুতি জাল দিয়ে মাছ শিকার দেশীয় মাছের জন্য ব্যাপক ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের পোনা নিধন বন্ধে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ আবারও এ ধরনের অবৈধ কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









