ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের মধ্যে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) তাদের আটক করা হয়।
দিল্লির কনট প্লেস এলাকায় দলের ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে অভিজিৎকে আটক করা হয়। অন্যদিকে, মিছিল শুরু করার কিছুক্ষণ পর মান্ডি হাউসের কাছ থেকে আটক হন নেহা।
দিল্লি পুলিশ অভিজিৎকে নোটিশ দিয়ে জানায়, কনট প্লেসকে অনুমোদিত প্রতিবাদস্থল হিসেবে নির্ধারণ করা হয়নি। তাই সেখানে মিছিল না করতে তাকে নির্দেশ দেওয়া হয়।
সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা উত্তোলনের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানটিকে প্রতিবাদস্থলের স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
দিল্লিতে কঠোর নিরাপত্তা
মিছিল ঘিরে দিল্লির লুটিয়েনস এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে পুলিশ। পাশাপাশি অন্য জেলা থেকে আরও পাঁচ হাজার পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
রাজীব চৌক, কনট প্লেসের বাজার, সেন্ট্রাল পার্ক, আশপাশের মেট্রো স্টেশন, যন্তর মন্তর ও পালিকা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। সেন্ট্রাল পার্ক ও রাজীব চৌকের আশপাশে ১০টির বেশি নজরদারি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব জানিয়েছেন, মিছিলের অনুমতি দেওয়া হয়নি। ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তবে অন্য কোনো উপযুক্ত স্থানে ছোট একটি দলকে মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ তার দলের দুই নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। শুক্রবার বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন তিনি।
মুম্বাইয়ে মিছিলের অনুমতি
দিল্লিতে মিছিলের অনুমতি না মিললেও মুম্বাইয়ে সিজেপিকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে আজাদ ময়দানে এ কর্মসূচি হওয়ার কথা।
মুম্বাই পুলিশের উপকমিশনার মনীশ কালওয়ানিয়া বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়োজকেরা শুধু আজাদ ময়দানেই মিছিল করার কথা জানিয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আজাদ ময়দান নির্ধারিত প্রতিবাদস্থল হওয়ায় সেখানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। কারাবন্দী দলের দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের প্রতি সংহতি জানানোই এই মিছিলের উদ্দেশ্য বলে জানিয়েছে সিজেপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









