নরসিংদীর পলাশ উপজেলায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত ঘোড়াশাল পৌরসভার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের ভাষ্য, ভোর থেকে সকাল নয়টার মধ্যে কয়েকটি শিয়াল বিভিন্ন স্থানে মানুষকে কামড়ায়। কেউ ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে, আবার কেউ বাড়ির আঙিনা বা আশপাশে কাজ করার সময় আক্রান্ত হন।
আটিয়াগাঁওয়ের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন বলেন, শুক্রবার ভোরে ওই গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারী শিয়ালের কামড়ের শিকার হন। পরে স্থানীয় লোকজন একটি শিয়ালকে ধাওয়া করে বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক জানান, শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রত্যেককে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সকলেই বাড়ি ফিরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









