ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যে ক্ষতি করেছে, তার পাশাপাশি অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৭ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিমানমন্ত্রী বলেন, দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়েছে। তিনি আরও বলেন, একটি দলের ‘বট বাহিনী’ অপতথ্য ছড়াচ্ছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা, অগ্নিনির্বাপক যন্ত্র ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









