শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার ১১৮টিসহ সমগ্র উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠে অবস্থিত সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ দল।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দক্ষিণ জোনের আওতাধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় এলাকায় দুর্গাপূজা উপলক্ষে মোট ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, পূজামণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জরুরি সহায়তার প্রয়োজন হলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









