প্রথম ফুটবলার হিসেবে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই সম্মাননা গ্রহণ করতে আগামী সপ্তাহে স্পেনে যাবেন তিনি। ইন্টার মায়ামির প্রধান কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস বিষয়টি নিশ্চিত করেছেন।
২২ অক্টোবর স্পেনের ওভিয়েদোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে ফিরে মাত্র দুই দিন পর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের জন্য মায়ামি দলে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির।
দীর্ঘ ভ্রমণের কারণে মেসির প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন না ইন্টার মায়ামির কোচ। তার মতে, এই পুরস্কার মেসি ও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুষ্ঠানে মেসির উপস্থিতি প্রয়োজন বলে মনে করছে পুরো ক্লাব।
মেসিও পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি জানান, এই স্বীকৃতি শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরের কাজকেও সম্মানিত করে।
এদিকে, ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মায়ামি ২০২৬ সালের মেজর লিগ সকারের প্লে-অফ নিশ্চিত করেছে। লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর দৌড়েও এগিয়ে রয়েছেন মেসি। তার গোলসংখ্যা ২৩। চার গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









