ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে দলটির এটিই প্রথম অংশগ্রহণ।
শনিবার (১৭ অক্টোবর) চেন্নাইয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রতিবাদে ‘গণতন্ত্র রক্ষা’ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। এতে জোটের সাতটি দলের নেতারা অংশ নেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একই দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও বিক্ষোভ চলছে। চেন্নাইয়ের কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিলেন কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির নেতারা।
এর আগে ১০ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান বিজয়। বৈঠকের কয়েক দিন পরই কংগ্রেসের বিক্ষোভে যোগ দিল তার দল।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, তামিলনাড়ু থেকেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিম, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উল্লেখযোগ্য বলে অভিযোগ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









