একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। তার অভিযোগ, চ্যানেল কর্তৃপক্ষ শুধু দুঃখপ্রকাশ করলেই এ ঘটনার দায় এড়াতে পারে না।
সম্প্রতি চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলো প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই ভিডিওগুলো পোস্ট করেছে।
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তিনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজে ভিডিওগুলো ১১ ঘণ্টা ধরে ছিল। এ সময়ের মধ্যে পেজটি নিয়ন্ত্রণে নেওয়া বা বিষয়টি প্রমাণ করতে না পারার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, আইন ও প্রশাসনের সহায়তায় কি ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না? তার মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলেই দায় এড়ানো যায় না।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা করা ব্যক্তিদেরও সমালোচনা করেন পরীমনি। তিনি বলেন, যারা ভিডিওটি দেখে এড়িয়ে যাওয়ার কথা, তারা তা করেছে। কিন্তু একাংশের মানুষ ভিডিওটি নিয়ে অনলাইনে নেতিবাচক চর্চা করছে। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক থাকার দাবি করে মন্তব্য করা হচ্ছে বলে জানান তিনি।
পরীমনি বলেন, ভিডিওটি অনেক আগের। তবে এবার টেলিভিশন চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শুধু ‘সরি’ বলা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।
লাইভে আরও নানা কথা বললেও পরে নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি মুছে দেন পরীমনি। আজ সকালে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন। এতে তার সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









