ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আবু বকর (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবু বকর তার পিতা-মাতার সঙ্গে দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করত। ঘটনার দিন সকালে তার মামা ইমনের সঙ্গে সে ঢাকা থেকে নানাবাড়ি বেড়াতে আসে। পরে বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুরে মাছ ধরা দেখতে পেয়ে শিশুটি পুকুর পাড়ে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনরা চারদিকে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরেই তাকে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন দুর্ঘটনায় শিশুটির পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









