পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা ও পাণ্ডব নদীর বিভিন্ন এলাকায় অবাধে চলছে মা-ইলিশ শিকার। প্রশাসনের নজরদারি এড়াতে সংঘবদ্ধ জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে পাহারাদার বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযানের খবর পেলেই দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন তারা। ফলে প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও বন্ধ হচ্ছে না অবৈধ মাছ শিকার।
শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া, মুরাদিয়া ও লোহালিয়াসংলগ্ন পায়রা নদী এবং পাণ্ডব নদীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলছেন জেলেরা। দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাছ শিকার।
নদীতীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির দুর্বলতার সুযোগ নিচ্ছেন অসাধু জেলেরা। তাঁরা সংঘবদ্ধভাবে নদীর বিভিন্ন পয়েন্টে নিজস্ব খবরদারি ব্যবস্থা গড়ে তুলেছেন। প্রশাসনের অভিযানের গতিবিধি পর্যবেক্ষণ করতে নদীর গুরুত্বপূর্ণ স্থানে লোক নিয়োগ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের অভিযানে ব্যবহৃত ট্রলার বা স্পিডবোট কোথা থেকে রওনা হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে, তা মুঠোফোনে জেলেদের জানিয়ে দেওয়া হয়। অভিযানের খবর পাওয়া মাত্রই নদীতে থাকা জেলেরা দ্রুত জাল তুলে নৌকা নিয়ে সরে পড়েন। কেউ কেউ নদীতীরে উঠে নিরাপদ স্থানে আত্মগোপন করেন। এতে অভিযান চালিয়েও অনেক সময় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, প্রজনন মৌসুমে এভাবে মা-ইলিশ শিকার অব্যাহত থাকলে ইলিশের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অবৈধ মাছ শিকার বন্ধে সংঘবদ্ধ চক্রের সদস্যদের চিহ্নিত করে নজরদারি বাড়ানো এবং নিয়মিত কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, আমাদের টহল দল কিছুক্ষণ আগেই ওই এলাকা থেকে ফিরেছে। পুরো উপজেলায় অভিযান পরিচালনার জন্য আমাদের মাত্র একটি টহল দল রয়েছে। জনবল ও অর্থসংকটের কারণে একটি দল দিয়ে উপজেলার সব পয়েন্টে একসঙ্গে নজরদারি করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা টহল দলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









