নীলফামারীর সৈয়দপুর শহরে বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকায় ঘটছে এমন চুরি। এবার শহরের নয়াবাজার সুরখি মহল্লার পাঁচটি বাড়ি থেকে মিটারের সার্ভিস তার চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত কয়েকটি বাড়ির সার্ভিস তার কেটে নিয়ে গেছে চোরেরা। মহল্লার অজয় কুমার, ইউসুফ, সামসুল হক, জয়নব ও আনোয়ারীর বাড়ি থেকে তার চুরি হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি বাড়ির মিটারের তার কাটা অবস্থায় দেখা গেছে। তবে দাম কম হওয়ায় সেসব তার নিয়ে যায়নি চোরেরা বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী অজয় কুমার জানান, তাঁর বাড়ির সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে। চোরেরা কয়েকটি বাড়ির তার কেটেছে। এর মধ্যে পিতলের উপাদানযুক্ত দামি তার নিয়ে গেলেও কম দামি তার ফেলে রেখে গেছে।
একই অভিযোগ করেন অন্য ভুক্তভোগী ইউসুফ, সামসুল হক, জয়নব ও আনোয়ারী। তাঁরা বলেন, একই মহল্লার পাঁচটি বাড়ি থেকে তার চুরির ঘটনা কোনো ছোটখাটো বিষয় নয়। বারবার নতুন করে তার কিনে বিদ্যুৎ সংযোগ দিতে হচ্ছে। এভাবে ঘন ঘন তার কিনে লাগানো তাঁদের পক্ষে কঠিন। চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন শহরের টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাড়ি থেকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সার্ভিস তার চুরি হয়। এরও এক দিন আগে পাটোয়ারীপাড়ার একটি বাড়ি থেকে চুরি করা হয় বৈদ্যুতিক সার্ভিস তার। উন্নতমানের এসব তার প্রতি গজ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়ায় চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত কয়েক মাসে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শতাধিক বাসাবাড়ির সার্ভিস তার চুরির খবর পাওয়া গেছে।
এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জানিয়েছে, গত দুই মাসে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকা থেকে কয়েক কিলোমিটার সাপ্লাই লাইনের কপার তার চুরি হয়েছে। চুরি হওয়া কপার তার অত্যন্ত ব্যয়বহুল। এভাবে চুরি অব্যাহত থাকলে শহরের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সৈয়দপুর থানায় ইতোমধ্যে কয়েকটি মামলা করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তার চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে তার চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









