ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ড দেখানোর প্রচলিত পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডের বদলে মোবাইলসদৃশ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে শাস্তিমূলক সিদ্ধান্ত জানানোর পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে উরুগুয়ে ফুটবল।
চলতি সপ্তাহের শুরুতে উরুগুয়ে কাপের নাসিওনাল ও রেনতিস্তাসের ম্যাচে নতুন এই যন্ত্র ব্যবহার করেন ম্যাচ কর্মকর্তা এদুয়ার্দো ভারেলা। যন্ত্রটির ডিজিটাল পর্দায় হলুদ কার্ড দেখান তিনি।
উদ্যোগটির লক্ষ্য রেফারিদের কাজ সহজ করা এবং মাঠে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্তগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা। যন্ত্রটি কার্ডের রং দেখানোর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার সময়ও নথিভুক্ত করে। এর মাধ্যমে ম্যাচের আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন নির্মাতারা।
প্রকল্পটির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রেফের পরিচালক মাউরো সাকো জানিয়েছেন, ফুটবলে এখনো প্রচলিত পদ্ধতিতে সম্পন্ন হওয়া একটি কাজকে প্রযুক্তির আওতায় আনার চেষ্টা চলছে। তিন বছরেরও বেশি সময় আগে বৃষ্টির মধ্যে একটি ম্যাচ দেখে এই ধারণা আসে। কার্ড দেখানোর পর রেফারিদের আবার সেই সিদ্ধান্ত ডিজিটালি নথিভুক্ত করতে হয়—এই প্রক্রিয়া সহজ করতেই যন্ত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়।
তবে পরীক্ষামূলক ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও দেখা গেছে। বিশেষ করে সূর্যের আলোয় যন্ত্রটির পর্দা দেখতে অসুবিধা হওয়ায় মাঠের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা দর্শকদের পক্ষে সিদ্ধান্ত বোঝা কঠিন হয়েছে।
নির্মাতারা যন্ত্রটির দৃশ্যমানতা বাড়িয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও ফিফার অনুমোদন পাওয়ার আশা করছেন। তবে প্রচলিত কার্ডের বিকল্প হিসেবে এটি কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবহারিক পরীক্ষার ওপর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









