পর্দায় ‘দৃশ্যম’-এর বিজয় সালগাঁওকর চরিত্রে একের পর এক সংকট সামলালেও বাস্তবে নিজের বাংলো নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। মুম্বাইয়ের জুহুতে তার বাংলোর ভেতরে কথিত অনুমোদনহীন নির্মাণের কিছু অংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি)।
শুক্রবার জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের বাংলোটিতে অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। বিএমসির দাবি, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাংলোর ভেতরে দেয়াল তুলে কক্ষ ভাগ করা, জানালায় পরিবর্তন আনা এবং অন্যান্য কাঠামোগত কাজ করা হচ্ছিল।
১০ সেপ্টেম্বর কাজ বন্ধের নোটিশ দিয়ে প্রয়োজনীয় অনুমতির কাগজপত্র জমা দিতে বলেছিল কর্তৃপক্ষ। কিন্তু নোটিশের পরও কাজ চলতে থাকায় বাংলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়। প্রকাশিত ভিডিওতে শ্রমিকদের হাতুড়ি দিয়ে বাংলোর ভেতরের বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে।
বাংলোটিতে সেলুন ও স্পা চালুর পরিকল্পনা ঘিরেই মূলত বিরোধের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের একাংশ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালুর বিষয়ে আপত্তি জানান। তবে অজয় দেবগনের পরিবারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের নোটিশের জবাব দিতে চার সপ্তাহ সময়ও চাওয়া হয়েছিল।
এদিকে বাংলো নিয়ে এই জটিলতার মধ্যেই বক্স অফিসে সাফল্য পাচ্ছে অজয়ের নতুন ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ২ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি মুক্তির ১৫ দিনের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৫২০ কোটি রুপি আয় করেছে। শুধু ভারতেই ছবিটির নিট আয় ৩৩৫ কোটি রুপির বেশি। অজয় দেবগন অভিনীত প্রধান চরিত্রের ছবিগুলোর মধ্যে এটিই তার সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিষেক পাঠক পরিচালিত ছবিটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করেছেন অজয়। আরও রয়েছেন টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর ও ইশিতা দত্ত। নির্মাতাদের ভাষ্য, জনপ্রিয় ‘দৃশ্যম’ ধারাবাহিকের এটিই শেষ অধ্যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









