‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হয়েছে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী আয়োজন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে লালন একাডেমির আখড়াবাড়িতে সাধুর হাট, আলোচনা সভা ও বাউল মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান চলবে সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসান। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুল নবী।
লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে দেশ-বিদেশের সাধু, গুরু, বাউল ও ভক্তদের সমাগম ঘটেছে। মরা কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এতে দুই শতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, লালন সাঁইয়ের সাধুরীতি অনুযায়ী শনিবার সন্ধ্যায় বাল্যসেবা অনুষ্ঠিত হয়। রোববার সকালে রাখালসেবা ও দুপুরে পুণ্যসেবার আয়োজন রয়েছে। পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে লালন মঞ্চে বাউল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো লালসংগীত পরিবেশন করবে।
উৎসব ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, ফকির লালন সাঁই ১৮৯০ সালের ১৭ অক্টোবর ছেঁউড়িয়ায় দেহত্যাগ করেন। সেখানেই তার সাধন-ভজনের ঘরে তাঁকে সমাহিত করা হয়। মানবতাবাদী দর্শন ও অসংখ্য গানের মধ্য দিয়ে তিনি বাংলা লোকসংস্কৃতিতে স্থায়ী স্থান করে নিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









