গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের মো. রাব্বি (২৬), ফুলদি গ্রামের মোতালিব (২৮) এবং জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামের আসিফ (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাব্বিকে ১৫ দিন, মোতালিবকে দুই মাস ও আসিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিনে বাসাইর বাজার, জামালপুর, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ও বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় একটি হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, মাদকের অপব্যবহার ও আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









