রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইজন এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের প্রত্যেকেই নারী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪২ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৯২ জন, রাজশাহী বিভাগের ২৩৩ জন, সিলেট বিভাগের ২৬ জন এবং রংপুর বিভাগের ৯৩ জন রোগী রয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









