অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগে বলিউড। এ বার টাইগারকে হত্যা চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, অন্যজন মহারাষ্ট্রের। তিনজনেরই যোগাযোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের।
সূত্রে জানা যায়, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, প্রতি রবিবার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।
গুলি চালানোর পরে পালানোর জন্যও আগে থেকেই সব ঠিক করে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটর সাইকেলটি রেখে বরিভলীর দিকে যাওয়ার ট্রেনে ওঠে।
প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ফাঁকি দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা। তাদের গতিবিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









