সুন্দরবন থেকে বেরিয়ে বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ভোলানদী পেরিয়ে বনসংলগ্ন গ্রামের পানির ঘাট এলাকায় বাঘটি আসে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতা জারি করে এলাকায় টহল জোরদার করেছে বন বিভাগ।
স্থানীয় বাসিন্দা ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা জানান, ভোলার চরের মৎস্যজীবী আবদুল লতিফ হাওলাদার সকালে নদীর চরে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি ভিটিআরটি সদস্যদের জানান। নদীর চর ও বসতবাড়ির আশপাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছাপ দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয় এবং বন বিভাগকে জানানো হয়।
ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। বনরক্ষী, ভিটিআরটি ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও বাঘের পায়ের ছাপ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাঘটি লোকালয়ে এসে আবার বনে ফিরে গেছে। তবে সতর্কতার অংশ হিসেবে বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজির সদস্যদের আগামী চার থেকে পাঁচ দিন ওই এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাঘটি লোকালয়ে এসে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজির সদস্যদের আগামী চার থেকে পাঁচ দিন ওই এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









