উপজেলা পর্যায় থেকে কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের ভয়াল থাবা দূর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সাধারণ নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কেবল পুলিশ নয়, সাধারণ জনগণকেও একযোগে কাজ করতে হবে।"
অপরাধীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক ও অপরাধীদের পুলিশের চেয়ে আপনারাই বেশি ভালো চেনেন। তাদের বিষয়ে আমাদের সঠিক তথ্য দিন, ব্যবস্থা নেওয়া হবে।"
জুলাই অভ্যুত্থান-পরবর্তী পুলিশ বাহিনীর সার্বিক অবস্থা তুলে ধরে আইজিপি বলেন, "বিগত ৫ আগস্টের পর পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে এক ধরনের ভয়ের মধ্যে ছিলেন। সেই প্রতিকূল অবস্থা থেকে পুলিশকে শক্তভাবে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন সম্পূর্ণ নিরাপদে বসবাস ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য পুলিশ বাহিনীর মনোবল, প্রযুক্তিগত সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়াতে নিরলস কাজ চলছে।"
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, "দুর্গোৎসবে বড় ধরনের কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টচক্র অপপ্রচারের মাধ্যমে পরিবেশ ঘোলাটে করার কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব সমস্যা সৃষ্টিকারীদের সম্পর্কে আগাম তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিমা বিসর্জন সম্পন্ন করব এবং পূজার বাকি আনুষঙ্গিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে শেষ করব।"
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









