নীলফামারীর ডিমলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মারাত্মক মানহানি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৯ অক্টোবর) ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।
অভিযোগে প্রতিবেশী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী মো. ওসমান গনি (৪২) উপজেলার ছোটখাতা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন— একই গ্রামের মো. মশিউর রহমান (৪৩), তাঁর ছেলে মো. সাগর ইসলাম (২১), মোছা. সেলিনা বেগম (৪০), মোছা. মেরিনা বেগম (৩৫) ও মোছা. শাহের বানু (৪০)। অভিযুক্ত মশিউর রহমানের স্থানীয় ছোটখাতা বটতলী বাজারে একটি মুদি ও বিকাশের দোকান রয়েছে।
অভিযোগে বলা হয়, বিবাদীদের সঙ্গে ওসমান গনির পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা ও নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই শত্রুতাবশত গত ১২ অক্টোবর বিবাদী সাগর ইসলাম তাঁর ‘Sagar Sarker’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মিথ্যা দাবি করেন যে, ওসমান গনির ছেলে মো. মোস্তাকিম ইসলাম তাঁদের দোকান থেকে বিকাশ ও নগদের টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, শুধু ফেসবুক লাইভেই ক্ষান্ত হয়নি চক্রটি। ওই লাইভের ভিডিও ও ছাত্র মোস্তাকিমের ছবি ব্যবহার করে পরবর্তী সময়ে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়। পাশাপাশি ‘NBP NEWS’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে মোস্তাকিমকে 'গ্রেপ্তার করা হয়েছে' বলেও মিথ্যা প্রচার চালানো হয়।
শিক্ষার্থীর বাবা ওসমান গনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অসত্য ও কাল্পনিক প্রচারণার কারণে আমার ছেলের সুশিক্ষা ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। পুরো পরিবার নিয়ে আমরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।" তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, "লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









