পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-আন্দোলনেও তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে ছিলেন। দেশের স্বার্থে, স্বাধীনতার স্বকীয়তা রক্ষায়, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আপনারা কখনো পিছপা হননি। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আরও সুদৃঢ়ভাবে পাশে থাকতে চাই।"
গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। আজ থেকে আপনাদের মুখে আর কখনো ‘সংখ্যালঘু’ শব্দটি শুনতে চাই না। এ দেশের সংবিধানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা কোনো ধারা তৈরি হয়নি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবার অধিকার এখানে সমান ও অখণ্ড। তাই নিজেকে ছোট ভাবার সুযোগ নেই; আমাদের সবার একটাই বড় পরিচয়, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।"
তিনি আরও যোগ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক সমৃদ্ধি ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিটি কথা ও প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করছেন। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় সরকারের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক পদক্ষেপগুলো দৃশ্যমান হতে শুরু করেছে।" ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার মূলনীতিকে সামনে রেখে সরকার দুর্নীতির বিরুদ্ধে শতভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সনাতন ধর্মাবলম্বীদের সব উৎসবে পাশে রয়েছেন এবং তাঁদের সার্বিক কল্যাণে সহায়তার হাত প্রসারিত রেখেছেন।
অনুষ্ঠানে নেছারাবাদের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ এলাকার সড়ক যোগাযোগ ও সার্বিক কাঠামোগত নানা সমস্যার কথা তুলে ধরলে প্রতিমন্ত্রী তা গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে দ্রুত তা সমাধানের আশ্বস্ত করেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি ও পোশাক মণ্ডপ প্রতিনিধিদের হাতে তুলে দেন তিনি। একই সাথে নিজের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য বিশেষ আর্থিক অনুদান হস্তান্তর করেন।
অনুষ্ঠান শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন এবং ভক্ত ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









