কুলা, চাটাই, তালপাখা, মাটির সরা, হাঁড়ি ও কড়ির সাজে ফুটে উঠেছে মাতৃত্ব, মায়ের ত্যাগ ও ভালোবাসার গল্প। লোকজ উপকরণে সাজানো এই ব্যতিক্রমী মণ্ডপ নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে। ১৪৪ বছরের ঐতিহ্যবাহী দুর্গোৎসবে এবার মণ্ডপসজ্জার প্রতিপাদ্য ‘মা’।
আয়োজকেরা জানান, সন্তানকে জন্ম দেওয়া, মমতায় বড় করে তোলা এবং জীবনের প্রতিটি ধাপে আগলে রাখার মধ্য দিয়ে মায়ের অবদান তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। পাশাপাশি মা-বাবার প্রতি শ্রদ্ধা, তাদের উপদেশ মেনে চলা ও ভালোবাসার বার্তাও স্থান পেয়েছে। সাজসজ্জার কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় তিন মাস।
মণ্ডপ দেখতে আসা শ্রাবণী দাশ বলেন, প্রতিবছরই আমলাপাড়ায় সুন্দর থিমের আয়োজন করা হয়। এবার মাকে ঘিরে সাজসজ্জার ভাবনাটি তার বিশেষ ভালো লেগেছে। স্থানীয় বাসিন্দা অবন্তী সাহাও এবারের আয়োজনের প্রশংসা করেন।
আমলাপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির কোষাধ্যক্ষ সানি সাহা বলেন, প্রতিবছর নতুন কিছু উপস্থাপনের চেষ্টা করেন তারা। পূজার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, মণ্ডপের পাশেই মসজিদ ও মাদ্রাসা রয়েছে। দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে পূজা উদ্যাপিত হচ্ছে। নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
নিরাপত্তার বিষয়ে তিনি জানান, মণ্ডপ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি আয়োজকদের প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা বলেন, পূর্বপুরুষদের শুরু করা দুর্গাপূজার ধারাবাহিকতায় ১৪৪ বছর ধরে এখানে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি প্রতিবছর বিশেষ থিমের মাধ্যমে নতুন বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়। এবার মায়ের ত্যাগ ও ভালোবাসার প্রতি সম্মান জানাতে ‘মা’ থিম বেছে নেওয়া হয়েছে। পূজার আয়োজন ও নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহযোগিতাও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









