সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবউদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার সুরইঘাট এলাকায় অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাহাবউদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









