শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার আদর্শপাড়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপন করতে হবে। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক বাবু উৎপলকান্তি সিং, যুগ্ম আহ্বায়ক জ্যোতি চন্দ্র রায়সহ কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে মণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন, নিরাপত্তাব্যবস্থা এবং ভক্ত-দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করা হয়।
জেলা প্রশাসকের পরিদর্শনকে ঘিরে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় স্থানীয়রা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পূজা উদ্যাপনে প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









