হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামের প্রায় দেড় কিলোমিটার ভাটিতে কাকাইলছেও বাজারের বাঁশমহল এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মরিয়ম বিবি নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার (৩৫) স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে গ্রামের কাছে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই থেকে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় তাঁর সন্ধান পাওয়া যায়নি।
পরে বুধবার সকালে কাকাইলছেও বাজারের বাঁশমহল এলাকায় নদীতে মরিয়মের লাশ ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য মুহিবুর রহমান ও এলাকাবাসী এ তথ্য জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









